Views Bangladesh Logo

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

ইয়াবাসহ আটক এক আর্জেন্টাইন সমর্থককে এআই প্রযুক্তি দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় স্থানীয় শীর্ষ মাদক কারবারি ও আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫)।

আটকের সময় রাসেলের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। কাউনিয়া থানা পুলিশ তাকে আটকের পর জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

পরে এআই প্রযুক্তি দিয়ে ডিজিটাল কারচুপির মাধ্যমে সেই আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সিতে রূপান্তরিত করে মিডিয়া উইং থেকে ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়। এই ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও সঠিক তথ্য মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে পুনরায় প্রকাশ করা হয়।

জানা গেছে, ভুল তথ্য ও এআই-নির্মিত ছবি গণমাধ্যমে পাঠানো উপ-পরিদর্শক তানজিল আহমেদ নিজেও একজন আর্জেন্টাইন সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বিএমপির মিডিয়া উইংয়ে কর্মরত আছেন।

ঘটনাটি ‘দুষ্টুমির ছলে’ করেছেন বলে স্বীকার করেছেন তানজিল আহমেদ। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি।

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার কমিশনার তানজিল আহমেদকে নিজ দপ্তরে তলব করে শোকজ করেছেন। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনারই জানাতে পারবেন।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ‘বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ