Views Bangladesh Logo

এসআই আলতাফ হত্যা: সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকার সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মন্ত্রী জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের কল্যাণে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের ব্যবসা চালু রাখতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রয়োজনীয় ঋণসহ অন্যান্য সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীনের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

আলতাফ হোসেনের দীর্ঘ কর্মজীবনের সাহসিকতা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হন এসআই আলতাফ হোসেন। একপর্যায়ে আত্মরক্ষার জন্য তিনি বড় ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন। রাত ৮টা ১০ মিনিটের দিকে দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে একদল ব্যক্তি সেখানে হামলা চালায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে আলতাফ হোসেনের ছোট ছেলে মো. আরিফুল ইসলামও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ