গাজীপুরে সুজনের জেলা সহসভাপতিকে শ্বাসরোধে হত্যা
গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহসভাপতি কামরুজ্জামান মোল্লা (৬৫) শ্বাসরোধে হত্যার শিকার হয়েছেন। বুধবার দিবাগত রাতে নগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির দায়িত্বে থাকার পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে একটি মামলার কাজে তিনি গাজীপুর আদালতে যান। তবে নির্ধারিত বিচারক অনুপস্থিত থাকায় সেদিন আদালতের কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। গভীর রাত পর্যন্ত তাঁর কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত দুইটার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধারের খবর দেয়।
পুলিশ জানায়, রাত ১১টার আগের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়। দুর্বৃত্তরা পূর্ব ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে তাঁর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সুজনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, সংগঠনের একজন দায়িত্বশীল নেতাকে এভাবে হত্যা করায় তারা গভীরভাবে শোকাহত। হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।
নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, তাঁদের জানা মতে কারও সঙ্গে কামরুজ্জামান মোল্লার প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তবে ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত কোনো বিরোধ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে