শ্রুতি পালের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা
চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রুতি পাল (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বন্ধুদের দাবি- সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শ্রুতি। এদিকে পরিবারের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার বিবরণ এবং অন্যসব তথ্য বিশ্লেষণ করে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এই মৃত্যু সত্যিই সড়ক দুর্ঘটনায় কিনা!
শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষে ছাত্রী। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার হোমিও চিকিৎসক টিটু পালের কন্যা।
রোববার (৭ জুন) বিকেলে মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় শ্রুতি আহত হন বলে দাবি করেন সঙ্গে থাকা তার বন্ধু তানভীর হোসেন, আশরাফ উদ্দিন ও রিসবী সুলতানা। এসময় তানভীর হোসেন নামে এক যুবক আহত হন বলে জানা যায়।
বলা হয়, রোববার বিকেলে শ্রুতি তার বন্ধু তানভীর হোসেন, আশরাফ উদ্দিন ও রিসবী সুলতানা মোটরসাইকেল যোগে ফেনী থেকে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় পৌঁছালে তানভীর ও শ্রুতিকে বহনকারী মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে শ্রুতি ও তানভীর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে শ্রুতির অবস্থার অবনতি হলে তার বন্ধু তানভীর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. শুভ জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শ্রুতি পালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নিহতের বাবা টিটু পালের অভিযোগ, এটি নিছক সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, 'ঘটনার পর থেকে শ্রুতির বন্ধু রিসবী সুলতানা আমাদের এড়িয়ে যাচ্ছেন। এছাড়া তানভীরের কথাবার্তাও অসংলগ্ন মনে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনি পদক্ষেপ নেবো।'
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা উদঘাটনে তদন্ত চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে