Views Bangladesh Logo

রাজশাহীতে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার ঝলমলিয়া হাটে অভিযান চালানো হয়। পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

অভিযান চলাকালে চিংড়িতে জেলি মিশিয়ে তা বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী মো. আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ঝলমলিয়া এলাকার মৃত জলিল মন্ডলের ছেলে।

পরে জেলি মেশানো ৮ কেজি চিংড়ি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, খাদ্যে ভেজাল ও অনিরাপদ উপাদান ব্যবহারের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও খাদ্য কেনার ক্ষেত্রে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে খাদ্যে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ