Views Bangladesh Logo

শ্রী চারানির বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টি বোলিংয়ে সর্বোচ্চ রেটিং

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তার দখলে।

মঙ্গলবার নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি চারানির রেটিং বেড়েছে ১৮ পয়েন্ট। ফলে ২২ বছর বয়সী এই ভারতীয় স্পিনারের বর্তমান রেটিং দাঁড়িয়েছে ৮১৭।

এর আগে টি-টোয়েন্টি বোলিংয়ে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড ছিল মেগান শুটের। অস্ট্রেলিয়ার এই পেসারের সর্বোচ্চ রেটিং ছিল ৮০৬। সেই রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন চারানি।

দুই সপ্তাহ আগেই ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮০০ রেটিং পয়েন্টের ঘরে ঢুকেছিলেন চারানি। তার আগে এই সংস্করণে ৮০০ পয়েন্ট ছোঁয়া বোলার ছিলেন শুধু শুট ও ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। এক্লেস্টোনের ক্যারিয়ারসেরা রেটিং ৮০২।

সম্প্রতি এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন চারানি। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পুরো টুর্নামেন্টে তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে চারানির পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের দীপ্তি শার্মা। ফাইনালে ৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের রেটিং ৭৫৪। ৭২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

ব্যাটারদের তালিকায়ও এগিয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৭৯ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠেছেন তিনি। তালিকার শীর্ষে আগের মতোই রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ওয়ানডে ব্যাটারদের তালিকায় মান্ধানাই এক নম্বরে। ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে রয়েছেন অ্যাশলি গার্ডনার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ