বিউটি পালের পক্ষে ‘শ্রাবণের মেঘগুলো’র শিল্পী মেজবাহ রহমান
‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান জানিয়েছেন, ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পালের ভাইরাল রিল ভিডিওতে তিনি কোনো নেতিবাচক বিষয় দেখেননি। তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়; বরং বিষয়টি নমনীয়ভাবে দেখা প্রয়োজন।
গণমাধ্যমকে মেজবাহ রহমান বলেন, ‘এই গানটা আমরা সব সময়ই গাই। এটি চিরন্তন বর্ষার গান। ১৯৮৯ সালে গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন কমেনি। সাম্প্রতিক সময়ে এটি সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবেও ব্যবহৃত হচ্ছে।’
সম্প্রতি এই গান ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে তার সহকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করছেন।
বিউটি পালের প্রসঙ্গে মেজবাহ রহমান বলেন, ‘শিক্ষকদের অবশ্যই কিছু বিষয়ে শিক্ষার্থীদের জন্য উদাহরণ হতে হয়। কিন্তু এই রিল ভিডিও নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তা মোটেও কাম্য নয়। এখানে অনৈতিক কী পাওয়া গেছে, আমি বুঝতে পারছি না। সামাজিক যোগাযোগমাধ্যমকে অস্বীকার করার সুযোগ নেই। একটি বিষয় দেখেই কাউকে দোষারোপ করা ঠিক নয়।’
মতামত দিন