Views Bangladesh Logo

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, আহত ১

খুলনা নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ সময় গুলির স্প্লিন্টারের আঘাতে একজন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১২টা ৫ মিনিটের দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি আওয়াল শেখ। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ঘটনার সময় সেখানে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুল, আওয়াল শেখ এবং দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, প্রতিদিনের মতো কাজ শেষে তারা চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাত রাস্তার দিক থেকে শান্তিধামের দিকে যাওয়া একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই যুবক এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি জানান, ছোড়া একটি গুলি গিয়ে তার বসে থাকা প্লাস্টিকের টুলে লাগে। গুলির স্প্লিন্টারের আঘাতে আহত হন সাংবাদিক আওয়াল শেখ।

স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রফিউল ইসলাম টুটুলের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সেখানে উপস্থিত চার সাংবাদিকের মধ্যে কেউ একজন হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি পুলিশের সঙ্গে সিআইডি, পিবিআই এবং পুলিশ সদর দপ্তরের প্রযুক্তি ইউনিটকে তদন্তে যুক্ত করা হয়েছে। হামলার উদ্দেশ্য ও লক্ষ্যবস্তু শনাক্ত করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার খুলনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ