Views Bangladesh Logo

সিলেটসহ সাত জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটসহ সাত জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২৭ জুন) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বুলেটিনে জানানো হয়, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, তিস্তা নদী নীলফামারীর ডালিয়া, সুরমা নদী সুনামগঞ্জের মারকুলি, কুশিয়ারা নদী মৌলভীবাজার অংশ এবং সোমেশ্বরী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি আবারও বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশেও ভারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়েছে এবং এ ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

এ কারণে আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবনের আশঙ্কা রয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি বেড়েছে, সুরমা নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে তা আবারও বাড়তে পারে। একই সময়ে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি কমেছে এবং সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সোমেশ্বরী নদী নেত্রকোণার বিভিন্ন পয়েন্টে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ