‘অপরিণামদর্শী’ পুনর্বাসন হকার সমস্যাকে আরও বাড়াতে পারে: আইপিডি
রাজধানীতে হকার ব্যবস্থাপনা নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি বলছে, সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর বিশ্লেষণ ছাড়া ফুটপাত ও সড়কে হকার বসার সুযোগ দিলে নগরজীবনে আরও বড় ধরনের বিশৃঙ্খলা ও জনভোগান্তি তৈরি হতে পারে।
শুক্রবার (১৫ মে) আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হকার সমস্যা শুধু ঢাকা নয়, দেশের প্রায় সব নগর এলাকাতেই পথচারীদের চলাচল, নিরাপত্তা ও নগর শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত না নিয়ে সারা দেশের জন্য একটি সমন্বিত ও বাস্তবসম্মত হকার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন জরুরি।
আইপিডি মনে করে, নীতিমালা প্রণয়নের পর যথাযথ পরিকল্পনা ছাড়াই ফুটপাত ও সড়কে দাগ টেনে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে, যা অত্যন্ত অবিবেচনাপ্রসূত। এতে সম্প্রতি কিছু এলাকায় পথচারীদের স্বস্তিতে চলাচলের যে সুযোগ তৈরি হয়েছিল, তা আবারও সংকুচিত হয়ে পড়েছে।
সংস্থাটি আরও বলেছে, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসার সুযোগ দেওয়ার আইনি ভিত্তি ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, এতে পথচারী ও যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত কর, ফি ও লাইসেন্সের মাধ্যমে ব্যবসা পরিচালনাকারীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
আইপিডির মতে, প্রস্তাবিত নীতিমালায় পথচারীদের জন্য মাত্র ৫ থেকে ৬ ফুট জায়গা রাখার শর্ত আধুনিক নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্যিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় আরও প্রশস্ত ফুটপাত প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, মেট্রো স্টেশন, বাসস্টপ ও গুরুত্বপূর্ণ মোড়ের খুব কাছাকাছি হকার বসার সুযোগ রাখাও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আন্তর্জাতিক নগর পরিকল্পনায় সাধারণত এসব এলাকার নির্দিষ্ট দূরত্বের মধ্যে হকার বসতে দেওয়া হয় না।
তবে নৈশকালীন মার্কেট, হলিডে মার্কেট ও হকারমুক্ত এলাকা ঘোষণার মতো কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে আইপিডি। পাশাপাশি প্রকৃত প্রান্তিক হকারদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে সংস্থাটি।
আইপিডি বলছে, বর্তমান অবস্থাকে নীতিমালার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিলে তা ভবিষ্যতে আরও বড় ধরনের দখলদারিত্ব ও চাঁদাবাজির কাঠামো তৈরি করতে পারে। তাই মানবিক ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক অংশগ্রহণ এবং সুষ্ঠু নগর পরিকল্পনার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে