নুসরাতের বাড়িতে আগুন শর্ট সার্কিটের ফলে হতে পারে, তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এটি নাশকতা কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত। টিনশেডের আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু মালামাল ছিল। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে থাকেন নুসরাতের বাবা-মা।
তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে পুলিশ সুপারকেও সেখানে পাঠানো হয়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগার কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দুর্ঘটনা, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে, তা খতিয়ে দেখতে যৌথ তদন্ত দলের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবির প্রতিবেদনে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা পেট্রোল বোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকতে পারে। সে কারণে শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনো প্রাথমিক ধারণা।
তিনি আরও জানান, আগুনে বাড়িতে থাকা দুটি ছাগল মারা গেছে। সেখানে জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড়ও ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল থেকে ছবি, দেয়ালের অবস্থা, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগে দুর্বলতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পরিকল্পিতভাবে আগুন লাগানোর প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত করছে।
এর আগে সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, কোনো সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা সবার জন্যই উদ্বেগের বিষয়। দ্রুত তদন্ত করে এ বিষয়ে সংসদে জবাব দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
মতামত দিন