দোকান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত, সব জেলায় জরুরি চিঠি
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের কাছে জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, এখন থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সরকারের এ সিদ্ধান্তের পেছনে ব্যবসায়ীদের দাবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা দোকান খোলার সময় বাড়ানোর অনুরোধ জানান। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মতি দেন।
চিঠিতে আরও বলা হয়েছে, শুধু দোকানপাট নয়—মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও একই সময়সীমা অনুসরণ করতে হবে।
এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ব্যবসায়ীদের সংগঠনগুলো রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চেয়ে সরকারের কাছে অনুরোধ জানায়। পরবর্তীতে সেই প্রস্তাব আংশিক বিবেচনা করে সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে ব্যবসায়ীরাও কিছুটা স্বস্তি পাবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে