বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট
দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট থেকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি বন্ধ রাখতে হবে সব ধরনের আলোকসজ্জা।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এর আগে ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। বিদ্যুৎ সংকটের কারণে এবার আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হলো।
বিদ্যুৎ বিভাগের এই সিদ্ধান্তের পেছনে দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটকে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দিলে চলতি বছরের ২ এপ্রিল মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ১২ মে থেকে দেশের শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ঈদের পর ১২ জুন তা কমিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
এবার বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে এনে রাত ৮টা নির্ধারণ করা হলো।
মতামত দিন