চকরিয়ায় প্রকাশ্যে মুদিদোকানিকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে মো. রমিজ উদ্দিন (৪২) নামে এক মুদিদোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রমিজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা এবং বাড়ির পাশেই একটি মুদিদোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশন থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুই যুবক অটোরিকশার গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, রমিজ উদ্দিনের বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে।
এদিকে ঘটনার পর গুলিবিদ্ধ রমিজ উদ্দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে হামলার অভিযোগ করেন। তবে ওই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ভিডিওতে যাদের নাম এসেছে, ঘটনার পর থেকে তারা এলাকায় নেই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন