বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ক্রেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি জামায়াতে ইসলামীর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির সামনে নিজ দোকানে বসেছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস কেনেন। পরে জুসটি ভালো নয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় দোকানি মুজাহিদ মোল্লা নিজেই জুসটি পান করে সেটি খারাপ নয় বলে জানান। কথা কাটাকাটির একপর্যায়ে বাইজিদ ইজারাদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মুজাহিদকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা ইজারাদারের ছেলে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে