Views Bangladesh Logo

ভিডিও করে ব্ল্যাকমেইল, নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার মাধ্যমে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান (৩৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির পাশের মুদি ও চায়ের দোকানে খাবার কিনতে গেলে দোকানে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে ভেতরে ডেকে নেয়। পরে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে দোকানের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলায় ভুক্তভোগীর মা অভিযোগ করেন, মোস্তাফিজুর এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে দীর্ঘদিন ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হয়। ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকির কারণে ভয়ে এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি সে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মামলার পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ