ধানের শীষে ভোট দিতে চাওয়ায় জামায়াত নেতার হুমকি, দোকানে তালা ঝুলানোর অভিযোগ
সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতা আব্দুর রশিদের দোকানে তালা ঝুলানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার মূল ব্যক্তি হলেন আবুল কাশেম, যিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির। অভিযোগকারী আব্দুর রশিদ ভুরুলিয়ার দরগাহপুর গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জমান ‘ধানের শীষ’ এবং জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আব্দুর রশিদ জানান, গত ৯ ফেব্রুয়ারি তিনি বিএনপির প্রার্থীর জনসভায় অংশ নিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে ১২ ফেব্রুয়ারি কাশেম তার দোকানে তালা ঝুলানোর হুমকি দেন এবং বুধবার সকালে বাড়ির সামনে এসে মারধর করার চেষ্টা করেন।
অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বলেন, ‘আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মজা করে এমন কথা বলেছি। আব্দুর রশিদ সিরিয়াসলি নেবার কারণে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’
শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান জানান, উভয়ই তাদের লোক এবং বিষয়টি ইউনিয়ন নেতারা দেখছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, লিখিত বা মৌখিক কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে