Views Bangladesh Logo

এবারও বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিধাতা যেন আবারও মুখ ফিরিয়ে নিলেন আজ্জুরিদের থেকে। দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন নিয়ে বসনিয়ার বিলিনো পোলি স্টেডিয়ামে পা রেখেছিল ইতালি। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটের ট্র্যাজেডিতে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।

বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১ এপ্রিল) প্লে-অফের ভাগ্যনির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির খেলোয়াড়দের ব্যর্থতার সুযোগ নিয়ে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট কেটে নেয় স্বাগতিক বসনিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে থাকা ইতালি ১৫তম মিনিটেই এগিয়ে যায়। ফরোয়ার্ড মইস কিনের দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আজ্জুরিরা। ৪২তম মিনিটে বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকোকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।

দ্বিতীয়ার্ধে এক জন কম নিয়ে খেলা ইতালির রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ রুখে দিলেও ৮২তম মিনিটে আর রক্ষা হয়নি। এডিন জেকো ও দেমিরোভিচের সম্মিলিত আক্রমণ থেকে গোল শোধ করে সমতায় ফেরে বসনিয়া। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে বসনিয়ার বেনিয়ামিন তাহিরোভিচ প্রথম শটেই গোল করেন। বিপরীতে ইতালির পিও এস্পোসিতো সুযোগ নষ্ট করেন। দ্বিতীয় শটে দুই দলই জালের দেখা পেলেও তৃতীয় শটে ব্রায়ান ক্রিস্টান্তে ব্যর্থ হলে ব্যাকফুটে পড়ে যায় ইতালি। চতুর্থ শটে বসনিয়া গোল করলে ৪-১ ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়।

এই হারের ফলে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল হয়েও টানা ১২ বছর ধরে বিশ্বকাপের মূল আসরের বাইরে থাকছে ইতালি। অন্যদিকে, ঘরের মাঠে এমন নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসছে বসনিয়া ও হার্জেগোভিনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ