দীর্ঘ বিরতির পর ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরুর সম্ভাবনা জুলাইয়ে
নানা কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা চলচ্চিত্র ‘গোলাপ’ আবার নতুন করে আলোচনায় এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকা পরীমনির একটি পোস্টকে কেন্দ্র করে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন সিনেমার নায়ক নিরব। তিনি জানান, বিভিন্ন কারণে সিনেমাটির কাজ একাধিকবার পিছিয়ে গেলেও এবার শুটিং শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিরব বলেন, গোলাপ সিনেমার কাজ বেশ কয়েকবার পিছিয়েছে। তবে আমরা এখন দ্রুত শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা করছি। বিষয়টি নিয়ে প্রযোজনা টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। পরীমনির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।
তিনি আরও জানান, নির্মাতা ও কলাকুশলীরা বর্তমানে জুলাই মাসকে লক্ষ্য করে প্রাথমিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। শুটিং শুরুর তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, রাজনৈতিক প্রেক্ষাপটে ছোট শহরের বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাওয়া এই থ্রিলারধর্মী চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। চলচ্চিত্রটি নির্মাণ করছেন সামছুল হুদা। এটি নির্মিত হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। বিভিন্ন জটিলতা ও অনিশ্চয়তার কারণে দীর্ঘ সময় ধরে ‘গোলাপ’ সিনেমার কাজ বন্ধ ছিল। তবে নতুন করে প্রস্তুতি শুরু হওয়ায় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে এ নিয়ে আবারও কৌতূহল তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে