টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলি, শিশুসহ আহত ৫
কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুজন রোহিঙ্গা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলিখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দাবি, রোহিঙ্গা ‘সন্ত্রাসীরা’ তাদের নির্বাচনী প্রচারণায় গুলি চালিয়েছে।
আহত রোহিঙ্গারা হলেন-আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪-এর বাসিন্দা নূর হোসেনের ছেলে আবদুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহত বাংলাদেশিরা হলেন- হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলিখালী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্প ট্রাক চলাচল করছিল। এ সময় সেখানে কিছু লোকজন জড়ো হয়। হঠাৎ একদল লোক ট্রাকটির চারপাশে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মতামত দিন