Views Bangladesh Logo

রোয়িং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী, ২৪ সদস্যের নতুন অ্যাড-হক কমিটি

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা, লেখক ও ক্রীড়া সংগঠক শোয়েব চৌধুরীকে নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ফেডারেশনের আগের অ্যাড-হক কমিটি বিলুপ্ত করে তার নেতৃত্বে ২৪ সদস্যের নতুন অ্যাড-হক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এনএসসির এক সরকারি নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী অ্যাড-হক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ও শিল্পপতি মোহাম্মদ সরফুদ্দীন আলী। সহসভাপতি হিসেবে রয়েছেন খুরশীদ আলম, অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ডা. এসএমএ আজিজ রাসেল এবং সাবেক জাতীয় অ্যাথলেট শেখ জাহাঙ্গীর। যুগ্ম সম্পাদক করা হয়েছে মো. রাসেল ও জাহাঙ্গীর কবির জনকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আল আমিন চৌধুরী।

এনএসসি জানায়, নতুন কমিটিতে ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক ও সাবেক ক্রীড়াবিদসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ফেডারেশনের কার্যক্রমে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ নেতৃত্ব নিশ্চিত করবে।

নবনিযুক্ত সভাপতি শোয়েব চৌধুরী বলেন, ফেডারেশনের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং স্বচ্ছতার সঙ্গে পরবর্তী সাধারণ নির্বাচন সম্পন্ন করাই তার প্রধান লক্ষ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ