‘গান গেয়ে গেয়ে’ তরুণকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামে মো. শাহাদাত হোসেন (২৪) নামের এক তরুণকে পিটিয়ে মেরে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণকে দুটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় গান গেয়ে তাকে মারধর করছেন কয়েকজন তরুণ।
এই হত্যাকাণ্ডের ঘটনাটি গত ১৪ আগস্টের হলেও জানাজানি হয় শনিবারে (২১ সেপ্টেম্বর)। গতকাল ফেসবুকে ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে।
নিহত শাহাদাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। সে নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে বসবাস করে আসছিলেন। নগরের ফলমণ্ডির একটি দোকানে চাকরি করতেন শাহাদাত।
গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই তরুণকে যেখানে পিটিয়ে মারা হয়, সেটি চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান উড়ালসড়কের নিচে ২ নম্বর গেট মোড় এলাকা।
খবরে আরও জানা যায়, গত ১৪ আগস্ট রাতে নগরীর প্রবর্তক এলাকা থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শাহাদাতের চাচা মো. হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। কিন্তু কেন এ হত্যাকাণ্ড কিংবা কার সঙ্গে বিরোধ, তা মামলার এজাহারে উল্লেখ নেই।
এজাহারে শাহাদাতের চাচা উল্লেখ করেন, ১৩ আগস্ট বেলা ২টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন শাহাদাত। সন্ধ্যা ৭টার দিকে ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন বলে স্ত্রীকে জানান। গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন শারমিন। এ সময় শাহাদাতের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, “এক তরুণের দুই হাত বেঁধে গান গেয়ে কিছু লোক মারধর করছে-এমন একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিওটি বিশ্লেষণ করে জানতে পারি ভুক্তভোগীর নাম শাহাদাত হোসেন। তার স্ত্রী থানায় এসে ভিডিওতে যে তরুণকে পেটানো হচ্ছে তাকে শনাক্ত করেন। তবে মারধরকারীদের এখনও শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে