প্রথম দিনেই ৮১ হাজার ভিউ, সাড়া ফেলেছে সিঁথি সাহার ‘বসন্তের কোকিল’
খেলার উত্তেজনার পাশাপাশি বিনোদনপ্রেমীদের জন্যও নতুন উপহার নিয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। রোমান্টিক আবহ ও নাচের সমন্বয়ে নির্মিত তার নতুন গানটি প্রকাশের পর থেকেই অনলাইনে ইতিবাচক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ৮১ হাজার ছাড়িয়ে গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির সুর, ভিডিও ও পরিবেশনা নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন শ্রোতা-দর্শকরা।
অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির ভিডিওতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা অলংকার চৌধুরী। তার নাচ ও পর্দা উপস্থিতি গানটিতে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন দর্শকরা। ‘বসন্তের কোকিল’ গানের কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ এবং ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।
নতুন গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। প্রকাশের পর দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।
গানটির মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আমেজ, প্রেম আর প্রাণবন্ত নৃত্যনির্ভর উপস্থাপনায় নির্মিত ভিডিওটি দর্শকদের নজর কাড়ছে।
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, বর্তমানে দেশে নতুন গান নির্মাণ ও প্রকাশের সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। সেই বাস্তবতায় নতুন শিল্পী, নতুন গান ও বৈচিত্র্যময় মিউজিক ভিডিও নিয়ে দীর্ঘমেয়াদি একটি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই অংশ।
প্রকাশের পর থেকেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটির দর্শকসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সংগীতসংশ্লিষ্টদের ধারণা, প্রাণবন্ত সুর, আকর্ষণীয় ভিডিও নির্মাণ এবং সিঁথি সাহার কণ্ঠের কারণে ‘বসন্তের কোকিল’ চলতি সময়ের আলোচিত বাংলা গানের তালিকায় জায়গা করে নিতে পারে।
প্রসঙ্গত, সিঁথি সাহা শৈশবে মায়ের কাছে গানের তালিম শুরু করার পর তিনি 'ছায়ানট' ও 'সম্মেলন পরিষদ' থেকে শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। রবীন্দ্রসংগীতে দক্ষতার জন্য তিনি বেশ কয়েকটি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ২০০৫ সালে 'কিছু বলব বলে' অ্যালবামের মাধ্যমে তার সংগীত ক্যারিয়ার শুরু হয়। এরপর 'কল্পনা', 'গল্পের পাতায়', 'মন বালিকা'র মতো জনপ্রিয় একক অ্যালবাম উপহার দিয়েছেন তিনি।
বাংলা গানের পাশাপাশি তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, যার মধ্যে পাকিস্তানি শিল্পী শাফকাত আমানত আলীর সঙ্গে গাওয়া গজল 'দো পিয়াসি দিল' বিশেষভাবে প্রশংসিত হয়েছে। গানে নিয়মিত হওয়ার পাশাপাশি মাছরাঙা টেলিভিশনে 'সিঁথির অতিথি' নামের জনপ্রিয় সেলিব্রিটি টকশো সঞ্চালনা করেও তিনি পরিচিতি লাভ করেন। ব্যক্তিগত জীবনেও তিনি অদম্য; ক্যানসার জয় করে একজন অটল ও সংগ্রামী শিল্পী হিসেবে তিনি ভক্তদের কাছে এক অনুপ্রেরণার নাম।
মতামত দিন