লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে কখন আদালতে তোলা হবে—এ বিষয়ে তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, কিছুটা সময় লাগবে।”
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র এডিসি এন এম নাসির উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা দীর্ঘ সময় এ পদে দায়িত্ব পালন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে