এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর আহত মো. আলাউদ্দিন (৫২) নামে এক শ্রমিক মারা গেছেন। দুর্ঘটনার পর প্রায় এক সপ্তাহ চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর প্রবর্তক মোড় এলাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলাউদ্দিন কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। গত ১৬ আগস্ট সকাল ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাট এলাকায় বারাকা গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহতের ভাই কামাল উদ্দিন জানান, জাহাজ কাটিংয়ের কাজ করার সময় আলাউদ্দিন নিচে পড়ে যান। এতে বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়।
কামাল উদ্দিন জানান, আলাউদ্দিনের দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে রাকিবুল ইসলাম সপ্তম শ্রেণিতে এবং আদিলুল ইসলাম রায়য়ান চতুর্থ শ্রেণিতে পড়ছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুরাতন জাহাজে কাজ করার সময় আলাউদ্দিন আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে।
মতামত দিন