কে-পপ মিউজিক ভিডিওতে জোলি ও পিটের মেয়ে শিলো
হলিউডের একসময়ের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মেয়ে শিলো জোলি এবার কে-পপ দুনিয়ায় হাজির হচ্ছেন বড়সড় এক মিউজিক ভিডিও নিয়ে।
জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন গান ‘হোয়াটস আ গার্ল টু ডু’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শিলো। মাত্র ২৬ সেকেন্ডের ঝলকেই তার নাচের দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স নজর কেড়েছে দর্শকদের।
১৯ বছর বয়সী শিলোর নাচের প্রতি ঝোঁক নতুন নয়। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্টুডিওতে দীর্ঘদিন ধরে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। তবে কে-পপ ইন্ডাস্ট্রির মতো প্রতিযোগিতামূলক জায়গায় তার অভিষেক সবার কাছেই বড় চমক।
সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই সুযোগ তিনি পেয়েছেন নিজের যোগ্যতায়। প্রযোজনা প্রতিষ্ঠান স্টারশিপ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ওপেন অডিশনের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়। সেই অডিশন পেরিয়েই শিলো জায়গা করে নেন এই প্রজেক্টে। শুটিং শেষ হওয়ার আগ পর্যন্ত তারা জানতই না যে তিনি জোলি-পিটের মেয়ে।
গানটির ভিডিও শুট হয়েছে সিউল ও প্যারিসে এবং এটি চলতি বছরের অন্যতম বড় বাজেটের মিউজিক ভিডিও হতে যাচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে শিলোর বড় ভাই ম্যাডক্স জোলি-পিট ইয়োনসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে জোলি পরিবারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যোগসূত্র তৈরি হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে দায়োং-শিলোর এই সহযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পূর্ণ ভিডিওটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে