Views Bangladesh Logo

ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে ‘গুমের নাটক’ করেন শিবির নেতা জিসান

ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধান ‘গুমের নাটক’ সাজিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের দাবি, দাউদকান্দি থেকে জিসান অপহৃত হননি। বরং এক নারীর করা ধর্ষণের অভিযোগ এবং বিয়ের জন্য চাপের মুখে পড়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিখোঁজের সাধারণ ডায়েরিও (জিডি) করানো হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী জানান, জিসান বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তিনি নিজেকে অপহরণের শিকার বলে দাবি করলেও তদন্তে তার সত্যতা মেলেনি।

কুমিল্লা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করেন জিসান। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত করানো হয় জোরপূর্বক। এরপর বিয়ের জন্য চাপ দিলে জিসান প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত তা এড়াতে আত্মগোপনে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আত্মগোপনের সময় ঘটনাকে ‘গুম’ বা ‘অপহরণ’ হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়। এজন্য জিসানের চাচাতো ভাই রাসেল আহমেদকে দিয়ে থানায় নিখোঁজের জিডি করানো হয়েছিল।

জিসানকে উদ্ধারের পর শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। মামলায় জিসানকে প্রধান আসামি করা হয়েছে এবং মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

২৮ বছর বয়সী জিসান প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন।

এদিকে, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রশিবির নেতা এস এম ফরহাদ জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে জিসানকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয় তাদের কর্মীকে গুম বা অপহরণ করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্টও দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘গতকাল রাতে (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? অতি দ্রুত তাকে উদ্ধার করে তার আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ