চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। একই নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
এর আগে শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পান ২৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এক পক্ষে ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্য পক্ষে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ।
ভোটের আগে প্রার্থীরা প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু হয়। দীর্ঘ সময় গণনার পর শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
আর এই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে শিল্পীদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন