Views Bangladesh Logo

জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের সংসদীয় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ময়মনসিংহে পৌঁছানোর আগেই শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭(১) ধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে হয়।

আইন অনুযায়ী, প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও উল্লেখ রয়েছে। যদি কোনো প্রার্থী চূড়ান্তভাবে বৈধ ঘোষণার আগেই মারা যান অথবা একই দলের অন্য কোনো বৈধ বিকল্প প্রার্থী আগে থেকেই থাকেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিতের প্রয়োজন হয় না।



নোট: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের সংসদীয় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ