শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ
অবিসংবাদিত জাতীয় নেতা, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২৭ এপ্রিল)। দিনটি উপলক্ষে পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শেরেবাংলা শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের একজন অবিসংবাদিত নেতা। তার মানবিকতা, রাজনৈতিক দূরদর্শিতা ও আপসহীন অবস্থান তাকে সর্বভারতীয় রাজনীতিতে বিশেষ মর্যাদায় আসীন করেছিল।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেরেবাংলা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী এবং কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এবং ২১ দফা দাবির প্রণেতা ছিলেন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, প্রজাস্বত্ব নিশ্চিতকরণ এবং মহাজনি প্রথা উচ্ছেদে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে তিনি ঋণগ্রস্ত কৃষকদের স্বস্তি এনে দেন।
১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য নেতা।
দিনটি উপলক্ষে আজ তার মাজারে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে