নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন
নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা সেতুটির পূর্ব পাশের নামফলক ভেঙে এর নতুন নামকরণ করেন ‘শহিদ সালাহউদ্দিন সেতু’। নড়াইলের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছিলেন সালাহউদ্দিন সুমন, তারই স্মরণে এ নামকরণ করা হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
এ সময় আন্দোলনের জেলা সদস্য সচিব শফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান, প্রধান সংগঠক কাজী ইয়াজুর রহমান উপস্থিত ছিলেন।
তারা বলেন, ‘আমরা দেশের কোনো স্থাপনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নাম চাই না’।
শফায়েত উল্লাহ বলেন, ‘নড়াইলের কেন্দ্রস্থলে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সেতুর নাম আগে শেখ রাসেলের নামে ছিল। আজ ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আমরা এর নাম পরিবর্তন করে শহিদ সালাহউদ্দিন ভাইয়ের নামে রেখেছি’।
তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত সেতুটির নাম পরিবর্তনের জন্য আনুষ্ঠানিক আবেদন করব। নড়াইলসহ দেশের কোথাও আওয়ামী ফ্যাসিবাদের সমর্থকদের নাম থাকবে না’।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন এই সেতুটি ২৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এবং ২০১৮ সালের ১১ অক্টোবর শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে