টিম ম্যানেজমেন্ট নিয়ে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে শেখ মেহেদী
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় শাস্তির মুখে পড়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বিষয়টি নিয়ে তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে হয়। শুনানিতে তিনি নিজের বক্তব্য জমা দেওয়ার পাশাপাশি ভুল স্বীকার করেছেন বলে জানা গেছে।
গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ২২ বলে ২৯ রান করার পাশাপাশি একটি উইকেট নেন শেখ মেহেদী। তবে পরের দুই ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়নি।
এরপর গণমাধ্যমে তিনি নিয়মিত সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। শেখ মেহেদীর ভাষ্য ছিল, তিনি মূলত টি-টোয়েন্টি ক্রিকেটের খেলোয়াড় হলেও এই সংস্করণেও ধারাবাহিকভাবে সুযোগ পান না। দলীয় কম্বিনেশন ও ম্যাচ-আপের কারণে প্রায়ই একাদশের বাইরে থাকতে হয়। নিয়মিত খেলার সুযোগ পেলে নিজের পারফরম্যান্স আরও উন্নত করা সম্ভব হতো বলেও তিনি মন্তব্য করেছিলেন।
এই মন্তব্যকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে বুধবার তাঁকে বিসিবির শৃঙ্খলা কমিটির শুনানিতে ডাকা হয়।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, শেখ মেহেদীর শাস্তি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর অতীতে এ ধরনের কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনা রয়েছে কি না, তা যাচাই করে দেখা হবে।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশের হয়ে ১২টি ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার শুনানিতে নিজের ভুল স্বীকার করেছেন।
বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে এবং শেখ মেহেদীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি যেহেতু নিজের ভুল স্বীকার করেছেন, তাই সে বিষয়টি বিবেচনায় রেখে শাস্তি নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, শেখ মেহেদীর বিরুদ্ধে আর্থিক জরিমানা, ম্যাচ ফি কর্তন অথবা অন্য কোনো শাস্তি দেওয়া হবে কি না, তা পরবর্তীতে চূড়ান্ত করবে শৃঙ্খলা কমিটি।
মতামত দিন