শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
আজ মঙ্গলবার (১৬ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা চলাকালে এ দিনে ধানমন্ডির সুধা সদনের বাসভবন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে থাকে। দিনটি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আলোচনা, দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।
২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন ঘেরাও করে। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বন্দি অবস্থায় ঢাকার সিএমএম আদালতে হাজির করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাসিনার জামিন আবেদন না মঞ্জুর করেন। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে শেখ হাসিনা একটি চিঠির মাধ্যমে জনগণ ও দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন জাতীয় সংসদ এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর অনড় দাবি, ক্রমাগত প্রতিরোধ আন্দোলন ও বঙ্গবন্ধু কন্যার আপোসহীন ও দৃঢ় মনোভাবের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ১১ মাস কারাভোগ শেষে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে