Views Bangladesh Logo

শেখ হাসিনার সরকার রোহিঙ্গা ইস্যুতে বারোটা বাজিয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে পূর্ববর্তী শেখ হাসিনা সরকার কার্যকর কোনো সমাধান দিতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে বর্তমান সরকার এ সমস্যার সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় পর্যায়ে কাজ করছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সীমান্ত পরিস্থিতি অত্যন্ত অস্থির ও ঝুঁকিপূর্ণ হওয়ায় রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। তিনি জানান, এটি শুধু কূটনৈতিক নয়, বরং একটি রাজনৈতিক ইস্যুও।

তিনি আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে কাজ করতে হবে, যাতে একটি স্থায়ী সমাধান পাওয়া যায়। “আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই, কিন্তু তারা কোথায় যাবে—সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি,” বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারে নতুন সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং আরাকান আর্মির সঙ্গেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চলছে। তিনি বলেন, “এটি শুধু বাংলাদেশের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। আসিয়ান দেশগুলো, চীন, ভারত, মুসলিম দেশ ও পশ্চিমা বিশ্বের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

রোহিঙ্গা সংকটকে বিশ্বব্যাপী একটি বড় ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে, তবে টেকসই সমাধানের জন্য কৌশলগতভাবে প্রত্যাবাসনের বিষয়টি এগিয়ে নিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি জানান, বিএনপি সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের আইনের আওতায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ