শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান: ভারতীয় হাইকমিশনার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তাকে কবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকার বারবারই জানিয়েছে, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যতদূর জানি, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান।
শেখ হাসিনা কী পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিলেন, সে প্রসঙ্গেও কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, এমন পরিস্থিতির জন্য ভারত সরকার আগে থেকে প্রস্তুত ছিল না।
দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ভারতের সেনাবাহিনী বা বিমানবাহিনী ভারতে নিয়ে যায়নি। তিনি যে পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিলেন, বিশ্বের অন্য কোথাও যেন এমন পরিস্থিতি তৈরি না হয়—এমন প্রত্যাশাও করি।
ভারতে যাওয়ার সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তার অনুরোধে সাড়া দেওয়া ভারতের দায়িত্ব ছিল। তখন টেলিভিশনে দেখছিলাম শেখ হাসিনা দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন। ওই পরিস্থিতিতে তাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়া ভারতের হাতে অন্য কোনো উপায় ছিল না।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে আসার সুযোগ না দিলে তখন কী পরিস্থিতি তৈরি হতো, তা বলা কঠিন। প্রতিবেশী হিসেবে ভারত তার প্রতি যে দায়িত্ব পালন করেছে, সেই প্রেক্ষাপটেই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
মতামত দিন