শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার পাবেন: ডা. জাহেদ উর রহমান
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি সব ধরনের সাংবিধানিক ও আইনি অধিকার ভোগ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে নিরাপদে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আদালতের কার্যক্রমে একজন আসামির যেসব অধিকার রয়েছে, তিনি সেগুলো পাবেন। বিচার শেষে আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা কিংবা সাকিব আল হাসান, সবার ক্ষেত্রেই আইন ও সংবিধান অনুযায়ী অধিকার নিশ্চিত করা হবে। সরকার কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া ধরনের শাসনব্যবস্থায় ফিরে যেতে চায় না এবং ভবিষ্যতে এমন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগও দেওয়া হবে না।
সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরা হলে উপদেষ্টা বলেন, কেউ দেশে ফিরে মামলা ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও আইনগত বিষয় মোকাবিলা করতে হবে। তবে আইন মেনে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিলে তার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শুধু কোনো রাজনৈতিক দলের সমর্থক হওয়া কাউকে সরকারি দায়িত্ব পালনের অযোগ্য করে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ না থাকলে তিনি নিজ দায়িত্ব পালন করতে পারেন।
মতামত দিন