শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে কিছু করবে না সরকার: আইনমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইনি যা যা করণীয়, তা করবে। তিনি নিজেই বলেছেন, তিনি দেশে আসবেন। দেশে এলে আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।
আইন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সব সংস্কারই বর্তমান সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো পর্যালোচনা ও সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় আইনগত সংস্কারও করা হবে।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় করা মামলা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করত, তাহলে ওই ঘটনায় মামলা হতো না। এখন মামলার তদন্ত আইন অনুযায়ী হবে এবং তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন