শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ
ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে দেশের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে তাঁকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে এবং ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে বলে জানান প্রতিমন্ত্রী।
মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, কোনো জোট বা ফোরাম দেশের মানুষের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং এতে দেশের উপকার হবে কি না, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্তের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে।
মতামত দিন