Views Bangladesh Logo

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার এবং আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো প্রশাসনিক আদেশে নয়, আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। এর ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক বা নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারণ করা হবে।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো সংগঠনকেও বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে বলেন, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে সংঘটিত অপরাধের দায় রাজনৈতিক সংগঠনও এড়াতে পারে না।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠিয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষা করা দেশের সব মানুষের দায়িত্ব। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে হবে।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ৩১ দফা এবং জাতীয় জুলাই সনদের আলোকে সংবিধানসহ প্রয়োজনীয় আইন সংস্কারের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যেই রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়; সাধারণ মানুষের আত্মত্যাগের ফলেই সেই আন্দোলন সফল হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ