শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা দেশে ফিরলে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। তাকে জেলে যেতে হবে। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, কোনো আসামি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দিলে সেটিকে তিনি পলাতক দলীয় নেতা-কর্মীদের উসকে দেওয়ার চেষ্টা হিসেবে দেখেন। ‘এ ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না,’ যোগ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, যে কোনো দেশের সঙ্গে এ ধরনের বিষয়ে যে কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে, সেটি অনুসরণ করা হচ্ছে। কোনো আসামি আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনা কোথায় আত্মসমর্পণ করতে পারেন—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আত্মসমর্পণ করবেন, সেটি তার বিষয়। তিনি বিদেশে বাংলাদেশের কোনো মিশনে বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করলেও আইনি প্রক্রিয়া একই থাকবে। তাকে কারাগারে যেতে হবে এবং আদালতের দেওয়া সাজার মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কী বক্তব্য দিচ্ছেন, সেটিকে বাংলাদেশ সরকার আমলে নেয় না। তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে, সেটি নতুন নয়; আগের মতোই চলমান রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানাত। বর্তমান সরকারও এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব বিষয় গণমাধ্যমে জানানো হয় না। ভারতের সঙ্গে আমাদের নিয়মিত যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা হয়, সেখানে এ বিষয়গুলোও আলোচনায় থাকে। একজন আসামি দেশের বাইরে থাকলেও আত্মসমর্পণ করুক বা না-ই করুক, তার বিচার আইনের বিধান অনুযায়ীই হবে।
মতামত দিন