ভোট দিলেন শেখ হাসিনা
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। তবে সকাল ৮টার আগেই ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সায়মা ওয়াজেদ পুতুলও একই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার আগে ও পরে সব নির্বাচনি কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। এই আসনে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ।
এ ছাড়াও এবারের নির্বাচনে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে