Views Bangladesh Logo

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। দুই বছরের বেশি সময় পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা চাওয়া হয়েছে। বিজয় দিবসে দেশে ফেরার সুযোগ করে দেওয়াকে সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। এ জন্য চলতি মাসের শুরুতে আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক মাসের মধ্যে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল। তার প্রত্যাবর্তনের পরিকল্পনা ঘিরে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত রোববার (২২ নভেম্বর) রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ