এবার ঢাবির সহকারী প্রক্টরের পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক শেহরীন আমিন জানান, সাত বছরের শিক্ষকতা জীবনে প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে সাড়া দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন। একজন তরুণ শিক্ষক হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে দেখছেন।
বিদায়ী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছে, কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়। আর সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। ওনার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’
জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ের প্রেক্ষাপট টেনে তিনি তার পোস্টে আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বর্তমান প্রক্টরিয়াল টিম যে ধরনের পরিস্থিতির মোকাবিলা করেছে, তা সম্ভবত অন্য কোনো টিমকে করতে হয়নি।
পোস্টের শেষে নতুন প্রক্টর ও তার টিমের প্রতি অভিনন্দন জানিয়ে শেহরীন আমিন বলেন, আমাদের টিমের সাথে কাজ করা এবং সাইফুদ্দীন স্যারের নেতৃত্বে থাকা আমার জন্য এক পরম সম্মানের বিষয় ছিল। নতুন টিমের জন্য শুভকামনা রইল।
এর আগে রোববার প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তার স্থলাভিষিক্ত হিসেবে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রামাণিককে (ইসরাফিল রতন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে