Views Bangladesh Logo

অংশ নেবেন ৬২ নারী উদ্যোক্তা

ঢাকায় ২ অক্টোবর শুরু হচ্ছে ‘শারদীয় আবাহন’ হার-ই-ট্রেড এক্সিবিশন

নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে ঢাকায় বসছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের উদ্যোগে আগামী ২ ও ৩ অক্টোবর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ প্রদর্শনী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬২ জন নারী উদ্যোক্তা এবারের আয়োজনে অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য থাকছে দেশীয় ফ্যাশনপণ্য, হস্তশিল্প, খাবার, বিভিন্ন সেবা এবং লাইফস্টাইল সামগ্রী।

আয়োজকদের প্রত্যাশা, দেশীয় পণ্যের প্রচার ও নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ক্ষেত্রে এ আয়োজন ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তাদের নিজস্ব পণ্য ও সেবা সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

২ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

আয়োজকরা জানান, শুধু পণ্য প্রদর্শন বা বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে না এবারের আয়োজন। নারী উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ বাড়ানো, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং নতুন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও থাকবে এতে।

তাদের মতে, বিভিন্ন অঞ্চলে কাজ করা নারী উদ্যোক্তাদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হবে। এর মধ্য দিয়ে দেশীয় পণ্য ও নারী উদ্যোক্তাদের উদ্যোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

আগামী ২ ও ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘শারদীয় আবাহন’ প্রদর্শনী।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ