শেষ ওয়ানডেতে নেই শান্ত, অধিনায়ক মিরাজ
শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। গত শনিবার দ্বিতীয় ম্যাচে কুঁচকির চোটে আক্রান্ত হন তিনি। আজ সোমবার সকালে এমআরআই রিপোর্ট দেখে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি আজ বিকাল ৪টায় শুরু হবে। সিরিজে ১-১ এ সমতা বিরাজ করায় এই ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। অর্থাৎ আজকের ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠবে ট্রফি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শান্তর অবর্তমানে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ৯২ রানে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা, জিতে ৬৮ রানে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত। ১১৯ বল থেকে ৭৬ রান করে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হন। প্রথম ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৪৭ রান। ফর্মে ফেরা শান্তকে না পাওয়াটা বাংলাদেশ দলের জন্য একটা বড় ধাক্কা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে