শান্তর সেঞ্চুরিতে দিনটা হলো বাংলাদেশের
প্রথম ইনিংসে মাত্র ৭ রানের লিড নিয়েছে সফরকারী দল নিউজিল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ সাবধানতার সঙ্গে শুরু করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান। তবে তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের বলে আউট হলেন জাকির। এরপর রান আউট হন মাহমুদুল। মাত্র তিন রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়।
তবে জোড়া আঘাতের পর নতুন করেই শুরু করতে হয় সদ্য ক্রিজে আসা নাজমুল হোসেন ও মুমিনুল হককে। দুজন মিলে ১৪১ বল খেলে যোগ করেন ৮৫ রান। এতে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১১১ রান। নাজমুল ৯২ বলে ৪৮ রান ও মুমিনুল ৬০ বলে ৩৮ রান করেন।
দুজনের সৌজন্যে বাংলাদেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছিল। তবে তাদের জুটি শতরানের কাছাকাছি এসে ভাঙে। শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন মুমিনুল। আউট হওয়ার আগে ৬৮ বলে ৪ বাউন্ডারিতে ৪০ রান করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসের ৬৮তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০১২ রান। ফলে দ্বিতীয় ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ২০৫ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট।
সেঞ্চুরি করে ১০৪ রানে অপরাজিত আছেন শান্ত। তার সঙ্গে ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
এর আগে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। কিউইরা প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ৪৪ রানে। তবে কাইল জেমিসন আর টিম সাউদির মতো লোয়ার অর্ডার দুই ব্যাটারের বদৌলতে সফরকারীদের স্কোরবোর্ডে যোগ হয় গুরুত্বপূর্ণ ৫২ রান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে