Views Bangladesh Logo

৭৭১ দিনের অপেক্ষা শেষে শান্তর সেঞ্চুরি

দীর্ঘ ৭৭১ দিন পর ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে শতক তুলে নিয়ে বাংলাদেশকে শক্ত ভিত এনে দেন তিনি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন শান্ত। শতকের পর হেলমেট খুলে আকাশের দিকে তাকান, পরে পিচে সিজদা দিয়ে উদযাপন করেন এই বাঁহাতি ব্যাটার। সতীর্থ তাওহীদ হৃদয় ও ডাগআউট থেকে করতালিতে তাকে অভিনন্দন জানানো হয়।

সাম্প্রতিক সময়ে শান্ত পুরোপুরি অফফর্মে ছিলেন না। মাঝে ভালো ইনিংস খেললেও বেশ কয়েকবার দারুণ শুরু করে বড় স্কোরে যেতে পারেননি। অবশেষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।

ওয়ানডেতে শান্তর সর্বশেষ সেঞ্চুরিও এসেছিল চট্টগ্রামেই। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ১২৯ বলে ১২২ রান করে দলকে জিতিয়েছিলেন তিনি। সেবার ছিলেন দলের অধিনায়ক। প্রায় ২৫ মাস পর আবারও একই ভেন্যুতে শতক পেলেন, এবার খেলোয়াড় হিসেবে।

ম্যাচে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২.১ ওভারে ৯ রানে হারায় দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে। দুজনকেই ফেরান নিউজিল্যান্ড পেসার উইলিয়াম ও’রুর্ক। পরে সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়লেও ১৮ রানে আউট হন। তখন বাংলাদেশের স্কোর ৮.৩ ওভারে ৩২ রানে ৩ উইকেট।

এমন চাপে লিটন দাসকে নিয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন শান্ত। ধীরস্থির ব্যাটিংয়ে ৭০ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর আরও আত্মবিশ্বাসী হয়ে খেলেন তিনি। স্ট্রাইক রোটেশনের পাশাপাশি বাজে বলগুলো বাউন্ডারিতে পাঠিয়ে এগিয়ে যান শতকের পথে। শেষ পর্যন্ত ১১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ