Views Bangladesh Logo

সিপিএলে শানাকার ঝড়, ৩৯ বলে সেঞ্চুরিতে গড়লেন নতুন রেকর্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েছেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৩৭ রানের বড় জয় পেয়েছে প্যাট্রিয়টস।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস ১০ ওভারে ৮৯ রান তুলতেই ক্রিজে যান শানাকা। শুরুতে কিছুটা সময় নিয়ে উইকেটে থিতু হলেও এরপর আর থামানো যায়নি তাকে। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন এই লঙ্কান ব্যাটার। এরপর আরও দ্রুত রান তুলে ৩৯ বলেই পৌঁছে যান তিন অঙ্কে।

শেষ পর্যন্ত ৪৩ বলে ১২১ রানে অপরাজিত থাকেন শানাকা। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১২টি ছক্কা। শেষ ওভারে কেওন গাস্টনের ওপর চড়াও হয়ে চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৮ রান তুলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

জাতীয় দলের সতীর্থ ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে শানাকার জুটি ছিল আরও ভয়ংকর। মাত্র ৩১ বলে দুজন মিলে যোগ করেন ৯৩ রান। তাদের এই ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে প্যাট্রিয়টসের সংগ্রহ দাঁড়ায় ২৩৫ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সেন্ট লুসিয়া কিংস। প্যাট্রিয়টসের বোলারদের তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। মাত্র ১০টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা জেরেমিয়া লুইস বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন। তিনি নেন ৫ উইকেট। হাসারাঙ্গাও ঘূর্ণি দিয়ে ব্যাটারদের চাপে রাখেন।

এই জয়ের ফলে প্যাট্রিয়টসের নেট রানরেট -০.৫৪৭ থেকে বেড়ে হয়েছে ০.৫৯৩। ফলে প্লে অফে ওঠার সম্ভাবনাও অনেকটাই উজ্জ্বল হয়েছে দলটির। ৮ ম্যাচে ৩ জয় ও ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ