Views Bangladesh Logo

পেলের ক্লাবে বাংলাদেশি তারকা, শমিত সোমকে নিয়ে নতুন গুঞ্জন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কানাডার শীর্ষ ফুটবল লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর দীর্ঘদিন নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত সোম। এবার তাঁর সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসের নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশি এই ফুটবলার। তবে এখনো শমিত কিংবা নিউইয়র্ক কসমসের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

২০২৬ মৌসুম শুরুর আগে গত জানুয়ারিতে ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানেন সামিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের দলটির হয়ে দীর্ঘ সময় মাঠে থাকার পর নতুন ক্লাবের সন্ধানে ছিলেন তিনি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে বিশেষ অবস্থান তৈরি করা নিউ ইয়র্ক কসমসের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছেন এই মিডফিল্ডার।

নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলের তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ক্লাবটির ঐতিহ্য অনেক পুরোনো ও সমৃদ্ধ। ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও একসময় এই দলের জার্সি গায়ে খেলেছেন। ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কসমসের হয়ে মাঠ মাতিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তাঁর পর একই ক্লাবে খেলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক বেকেনবাওয়ার।

সামিতের ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল কানাডার হয়ে। আন্তর্জাতিক পর্যায়ে কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামেন তিনি। তবে পরবর্তীতে নিজের পারিবারিক শিকড়ের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এরপর লাল-সবুজের জার্সিতে খেলার সুযোগ পান তিনি এবং বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডে গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে ওঠেন।

বাংলাদেশের হয়ে সামিতের আন্তর্জাতিক অভিষেক হয় গত বছরের জুনে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। জাতীয় দলের হয়ে প্রথম গোল পেতে অবশ্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে প্রায় চার মাস। এরপর বাছাইপর্বের একটি ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলের পরাজয়ের ম্যাচে প্রথমবার লাল-সবুজের জার্সিতে গোলের দেখা পান তিনি।

নিউ ইয়র্ক কসমসের সঙ্গে সামিতের সম্ভাব্য চুক্তির খবর সত্যি হলে তাঁর ক্লাব ক্যারিয়ারে এটি হবে নতুন এক অধ্যায়। বিশেষ করে পেলে ও বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের সাবেক ক্লাবে বাংলাদেশি ফুটবলারের যোগ দেওয়ার খবর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এখন অপেক্ষা শুধু সামিত বা কসমসের আনুষ্ঠানিক ঘোষণার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ