ঢাকার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন
ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এ পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে পুলিশ সদর দপ্তরে এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে দায়িত্ব পালনরত শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে।
নড়াইল জেলার বাসিন্দা শামীমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনে যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ছাত্রজীবনে ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
ঢাকার নতুন এসপি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের আশা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে